চলতি এশিয়ান গেমসে বেশিরভাগ খেলাতেই হতাশ করেছেন ভারতীয় খেলোয়াড়েরা৷ কোথাও সোনা হাতছাড়া হয়েছে৷ কোথাও আবার পদকও৷ কিন্তু কবাডিতে যে ভারতের ধারেকাছে কেউ নেই তা আরও এক বার দেখালেন সুনীল কুমার, পুষ্পা রানারা৷ ভারতের পুরুষ ও মহিলা কবাডি দল একই দিনে এশিয়ান গেমসে সোনা জিতেছে৷ দু’টি ফাইনালেই ইরানকে হারিয়েছে ভারত৷
দিনের শুরুটা হয়েছিল ভারতের মহিলা দলের হাত ধরে৷ এশিয়ান গেমসের ইতিহাসে চতুর্থ সোনা জেতে তারা৷ পুষ্পা রানার অধিনায়কত্বে মহিলাদের কবাডিতে আরও এক বার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ভারত৷ ইরান কঠিন প্রতিপক্ষ হলেও সোনা জিতেই ম্যাট ছেড়েছেন ভারতের খেলোয়াড়েরা৷ প্রথমার্ধে দাপট ছিল ভারতীয় দলের৷ আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়েরা৷ ২২-১৬ ব্যবধানে জেতে ভারত৷ এক বার ইরানকে অলআউট করে দেয় ভারতীয় দল৷
পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ইরান৷ দ্বিতীয়ার্ধে শক্তিশালী ভাবে লড়াইয়ে ফেরে তারা৷ এ সময় ইরানের আগ্রাসী কবাডির সামনে ভারতীয় দলকে কিছুটা সমস্যায় পড়তে হয়৷ এক বার অলআউটও হয়ে যায় ভারত৷ সমানে সমানে লড়াইয়ের পর ইরান দ্বিতীয়ার্ধ ১৮-১৫ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে৷ যদিও তাতে লাভ হয়নি৷ প্রথমার্ধে ৬ পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে শেষ পর্যন্ত ভারত ফাইনাল জিতে নেয় ৩৭-৩৪ ব্যবধানে৷ পিছিয়ে থেকেও সোনা জেতেন পুরুষেরা
ফাইনালে কঠিন লড়াই প্রত্যাশিতই ছিল৷ হয়েছেও তাই৷ কারণ ছেলেদের কবাডিতে ভারত এবং ইরানের শক্তি প্রায় সমান৷ ফাইনালের শুরু থেকে আগ্রাসী মেজাজে ছিল ইরান৷ প্রথমার্ধে বিশেষ সুবিধা করতে পারেনি ভারতীয় দল৷ সমানে সমানে লড়াইয়ের পর ১৭-১৮ পয়েন্টে প্রথমার্ধে পিছিয়ে পড়ে ভারত৷ প্রথম দিকে ভারতীয় দলের রক্ষণ ঠিক মতো হচ্ছিল না৷ এক বার অলআউটও হয়ে যায় ভারত৷
পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে নিজেদের উজাড় করে দেন ভারতীয় খেলোয়াড়েরা৷ প্রতিপক্ষকে প্রথম থেকেই চাপে রাখে আগ্রাসী কবাডি খেলে৷ দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই লিড নিয়ে নেয় ভারতীয় দল৷ খেলা যত এগিয়েছে, লিড তত বেড়েছে৷ ইরানকে অলআউটও করে৷ শেষ দিকে গিয়ে পয়েন্টের ব্যবধান বজায় রাখায় গুরুত্ব দেয় ভারতীয় দল৷ বাড়তি ঝুঁকি নেননি ভারতীয় খেলোয়াড়েরা৷ চাপের মুখে একাধিক বার ভুল করে ইরান৷ সেই সুবিধাও পেয়ে যায় সুনীলের নেতৃত্বাধীন ভারত৷ শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ২৩-১৬ ব্যবধানে জেতে ভারত৷ সব মিলিয়ে পয়েন্টের ব্যবধান হয় ৪০-৩৪৷ এই নিয়ে এশিয়ান গেমসে নবম সোনা জিতল ভারতের পুরুষদের দল৷