কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়ল৷ তবে এখনও পারদ স্বাভাবিকের নীচেই রয়েছে৷ শহরে রয়েছে শীতের আমেজ৷ ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশাও থাকছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই৷ তার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে৷
গত সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম৷ রবিবার শহরের সর্র্বেচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি৷ তা-ও স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম৷ গত কয়েক দিনে ধারাবাহিক ভাবে কলকাতার পারদ ছিল নিম্নমুখী৷ গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস৷ সোমে তার চেয়ে কিছুটা বাড়ল তাপমাত্রা৷ আপাতত রাজ্যের কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই৷ উত্তরবঙ্গের দু’একটি জেলায় কুয়াশার সমস্যা থাকতে পারে৷ বাকি রাজ্যের সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া৷
গত সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে শীতলতম৷ কালিম্পঙের তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে৷ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নদিয়ার কল্যাণীতে, ১১ ডিগ্রি সেলসিয়াস৷ এ ছাড়া, শ্রীনিকেতনে ১১.৭, বাঁকুড়ায় ১১.৯, বহরমপুরে ১২.৪, ক্যানিংয়ে ১২.৬, সিউড়িতে ১২ ডিগ্রিতে নেমেছিল পারদ৷ দক্ষিণের বাকি অংশে পারদ ছিল ১৩ ডিগ্রির উপরে৷
কলকাতার উপকণ্ঠে দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস৷ সল্টলেকে পারদ ১৬ ডিগ্রির নীচে নামেনি৷ ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস৷
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনগুলিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না৷ তার পরের চার দিনে পারদ চড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত৷ কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ সকালের দিকে কুয়াশার কারণে এই জেলাগুলিতে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত৷