কমনওয়েলথ গেমসে ভারতকে পথ দেখাচ্ছে ভারোত্তোলকরাই৷ গ্লাসগোয় চলতি আসরে এখনও পর্যন্ত ৫টি এসেছে ভারোত্তোলকদের হাত ধরে৷ রবিবার সোনা জিতেছিলেন মীরাবাঈ চানু৷ ঋষিকান্ত সিং ও মুথুপান্ডি রাজা পেয়েছিলেন রুপো৷ লিফটিং প্ল্যাটফর্মে তেরঙ্গা ব্রিগেডের সাফল্যের ধারা বজায় রেখে এদিন আরও দু’টি পদক আনলেন জ্ঞানেশ্বরী যাদব ও বিন্দ্যারানী দেবী৷ মহিলাদের ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে রুপো জিতলেন জ্ঞানেশ্বরী৷ আর ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন বিন্দ্যারানী৷২৩ বছরের জ্ঞানেশ্বরী মোট ১৯৯ কেজি ওজন (স্ন্যাচে ৮৮, ক্লিন অ্যান্ড জার্কে ১১১) তুলে পদক নিশ্চিত করেন৷ এই ইভেন্টে ২০৬ কেজি তুলে সোনা জেতেন নাইজেরিয়ার ওনোমে ওমোলোলা ডিডি৷ অন্যদিকে, বিন্দ্যারানী ব্রোঞ্জ জয়ের পথে তোলেন মোট ১৯৯ কেজি ওজন৷ এই ইভেন্টে সোনা ও রুপোর দখল নেন নাইজেরিয়ার রাফিয়াতু লাওয়াল (২২৯ কেজি) ও কানাডার অ্যান-সোফি তাসেরিউ (২১৫ কেজি)৷ পাশাপাশি পুরুষদের হাই জাম্পে রুপো পেলেন সর্বেশ কুশারে৷ ২.২৫ মিটার লাফিয়েছিলেন তিনি৷