আগামী ৩০ মে অহমদাবাদে আইসিসি-র বোর্ড বৈঠক বসতে চলেছে৷ সব ঠিক থাকলে সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, একটি টেস্টে লাল এবং গোলাপি দুই বলেই খেলা হতে পারে৷ পাশাপাশি, এক দিনের ক্রিকেটে জলপানের বিরতিতে মাঠে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন কোচ৷
এই মুহূর্তে হয় লাল বল, না হলে গোলাপি বলে টেস্ট খেলা হয়৷ গোলাপি বলে খেলা হয় দিন-রাতের টেস্টে৷ লাল বলের ক্ষেত্রে শুধু দিনের বেলাতেই টেস্ট খেলা হয়৷ তবে অনেক ক্ষেত্রেই দিনের বেলার টেস্টে আবহাওয়ার কারণে খেলা বন্ধ রাখতে হয়৷ সে ক্ষেত্রে যদি দুই দলই রাজি থাকে, তা হলে আলোর নীচে গোলাপি বলে খেলা চালানো হতে পারে৷
ঠিক কী কী প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনও অস্পষ্ট৷ কী ভাবে একটি ম্যাচে লাল বল থেকে গোলাপি বলে খেলা আয়োজন করা যাবে তা এখনও পরিষ্কার নয়৷ আপাতত ঠিক হয়েছে, দুই দলের মৌখিক ভিত্তিতেই বলের রং পরিবর্তন করা হবে৷ নিয়ম চালু হতে পারে ১ অক্টোবর থেকে৷
পাশাপাশি, এক দিনের ক্রিকেটে এখনকার নিয়মে জলপানের বিরতিতে শুধু পরিবর্ত ক্রিকেটারেরই মাঠে ঢুকতে পারেন৷ তাঁরাই কোচের বার্তা নিয়ে পৌঁছে দেন ক্রিজে থাকা দুই ক্রিকেটারকে৷ তাঁকে সঠিক ক্রিকেটীয় পোশাক পরে থাকতে হয়৷ আগামী দিনে কোচও সেই সময় মাঠে ঢুকতে পারেন৷ তবে তাঁকে ক্রিকেটের বেশে থাকতে হবে কি না তা স্পষ্ট নয়৷
এখন এক দিনের ক্রিকেটে ১ ঘণ্টা ১০ মিনিট অন্তর দু’টি জলপানের বিরতি থাকে৷ তবে টি-টোয়েন্টিতে জলপানের বিরতিতে কোচের মাঠে ঢোকার নিয়ম আগে থেকেই রয়েছে৷
পাশাপাশি, টি-টোয়েন্টিতে দুই ইনিংসের বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করা হতে পারে৷ এ ছাড়া, কোনও বোলারের অ্যাকশন অবৈধ কি না জানতে মাঠের আম্পায়ারেরা হকআই তথ্যের সাহায্য নিতে পারেন৷ বৃহস্পতিবার আইসিসি-র ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে৷ সেখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে৷