ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও হরমনপ্রীত কাউর পাচ্ছেন পদ্মশ্রী সম্মান৷ দেশের মোট ৯ ক্রীড়াবিদ এই সম্মান পাবেন৷ গত রবিবার ঘোষিত হল পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা৷ তাতে অমৃতরাজই একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পদ্মভূষণ সম্মানে ভূষিত হতে চলেছেন, যা দেশের তৃতীয় সর্র্বেচ্চ নাগরিক সম্মান৷ ভারতীয় টেনিসকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য ৭২ বছর বয়সি সম্মানিত হবেন৷ এর আগে ১৯৭৪ সালে অর্জুন ও ১৯৮৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন বিজয়৷ উইম্বলডন এবং ইউএস ওপেনে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দু’বার ওঠেন তিনি৷ পরবর্তীকালে ভারতীয় টেনিসের সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন৷
রোহিত আবার ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ক্যাপ্ঢেন৷ ২০২৫ সালে তাঁর নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেরা হয় ভারত৷ টি-২০ বিশ্বকাপ জেতার পরই তিনি বিদায় জানান কুড়ি ওভারের ফরম্যাটকে৷ গত বছর অবসর নেন টেস্ট ক্রিকেট থেকেও৷ এখন শুধুমাত্র ওডিআই ফরম্যাটে খেলেন হিটম্যান৷ আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০, ১০৯ রান রয়েছে রোহিতের৷ তার মধ্যে ৫০টি সেঞ্চুরি ও ১১১টি হাফ-সেঞ্চুরি৷
হরমনপ্রীত কাউর আবার ভারতের মহিলা ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছেন৷ তাঁর নেতৃত্বে গত নভেম্বরে প্রথমবারের জন্য মহিলাদের ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া৷ নভি মুম্বইয়ে হওয়া ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজরা৷ মহিলাদের ক্রিকেটে এটাই ভারতের প্রথম বিশ্বজয়৷ মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় ক্যাপ্ঢেন হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ জেতেন হরমনপ্রীত৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ৮৩৯৩৷
রোহিত-হরমনপ্রীত ছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন প্যারালিম্পিকসে সোনাজয়ী হাইজাম্পার প্রভীন কুমার, ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া, বর্ষীয়ান কোচ বলদেব সিং এবং কে পাজানিভেল৷ কুস্তির প্রয়াত কোচ ভ্লাদিমির মেস্টভিরিশভিলিও পাচ্ছেন মরণোত্তর পদ্মশ্রী৷ তিনি যোগেশ্বর দত্ত ও বজরং পুনিয়ার কোচ ছিলেন৷ বাংলার জিমন্যাস্ট কন্যা প্রণতি নায়েক পাচ্ছেন অর্জুন পুরস্কার৷ এছাড়াও এই সম্মানের তালিকায় রয়েছেন মহিলাদের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ, পুরুষ দাবাড়ু বিদিত গুজরাটি, ব্যাডমিন্টন তারকা গায়ত্রী গোপীনাথ, তৃষা জলি প্রমুখ৷