গত মে-তে অহমদাবাদে আইসিসি-র বৈঠকে বিশ্বকাপের দিনক্ষণে শিলমোহর পড়েছে বলে জানা গিয়েছে৷ জুলাইয়ে এডিনবরায় বার্ষিক সাধারণ সভা রয়েছে৷ সেখানে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গিয়েছে৷ ‘ক্রিকইনফো’র খবর অনুযায়ী, বিশ্বকাপ শুরু হবে ৪ অক্টোবর৷ শেষ হবে ২১ নভেম্বর৷ অর্থাৎ দেড় মাসের উপর বিশ্বকাপ চলবে৷ দক্ষিণ আফ্রিকাতেই বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ হওয়ার কথা৷ ৫৪টি ম্যাচের মধ্যে ৪১টি হবে দক্ষিণ আফ্রিকায়৷ জিম্বাবোয়ে আট থেকে ১০টি ম্যাচ আয়োজন করবে৷ নামিবিয়ায় হবে তিনটি ম্যাচ৷ জিম্বাবোয়েতে দু’টির বদলে তিনটি মাঠে খেলা হবে৷ হারারে স্পোর্টস ক্লাব এবং বুলাওয়ের পাশাপাশি ভিক্টোরিয়া ফলসে খেলা হবে৷ ভিক্টোরিয়ার ফালে মোয়া-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ এ বছরই শেষ হওয়ার কথা৷ পরের বছর মে-তে উদ্বোধনের আগে সেখানে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হবে৷ শোনা যাচ্ছিল, এ বছরের অগস্টে জিম্বাবোয়ের নতুন স্টেডিয়ামটিতে গিয়ে প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা৷ তা অবশ্য হচ্ছে না৷ ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়৷ তার পর ২০০৭-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়৷ ২০ বছর পর দক্ষিণ আফ্রিকায় বড় মাপের কোনও ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন হতে চলেছে৷ মাঝে ২০০৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩-এ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে সেই দেশে৷ আগামী বছরের বিশ্বকাপ ১৪টি দেশের হবে৷ সাতটি দেশকে দু’টি গ্রুপে ভাগ করা হবে৷ দুই গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্স পর্বে খেলবে৷ পূর্ণ সদস্য দেশ হিসেবে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে যোগ্যতার্জন করেছে৷ নামিবিয়া যোগ্যতার্জন পর্বে খেলছে৷ ২০২৭-২০৩১ আইসিসি-র ফিউচার টুরস প্রোগ্রামের (এফটিপি) অন্তর্গত প্রথম বড় ইভেন্ট হতে চলেছে এক দিনের বিশ্বকাপ৷ এ বছরের শেষ দিকে হংকংয়ে আইসিসি-র বৈঠকে এফটিপি চূড়ান্ত হবে৷ তবে এখনও একটি বড় বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গঠন এবং সেই প্রতিযোগিতার সময় বাড়ানো হবে কি না তা নিয়ে আলোচনা হবে৷