সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ডাবলস ফাইনালে পিছিয়ে পড়েও বাজিমাত সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির৷ রবিবার ইন্দোনেশিয়ার মহম্মদ ফিকরি ও ফজর আলফিয়ানকে ১৮-২১, ২১-১৭, ২১-১৬ গেমে বশ মানাল ভারতীয় জুটি৷ আক্রমণাত্মক মেজাজে পুরনো ঝলক ফিরল সাত্ত্বিকদের র্যাকেটে৷ সেই সঙ্গে কাটল প্রায় দু’বছরের খেতাব খরা৷ একের পর এক কঠিন বাধা টপকে সিঙ্গাপুর ওপেনে ট্রফি জয়ের পর আবেগাপ্লুত দু’জনেই৷ ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই কোর্টে নাচতে শুরু করে দেন সাত্ত্বিক ও চিরাগ৷ ম্যাচের পর সাত্ত্বিকসাইরাজের মন্তব্য, ‘অবিশ্বাস্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব৷ তবে কঠিন সময় পেরিয়ে সাফল্য পাওয়া মোটেও সহজ ছিল না৷ আমাদের পরিশ্রম আজ সার্থক৷’ এদিন চাপের মুখে ভারতীয় জুটির স্ম্যাশ ও ক্রস কোর্ট শটে দিশাহারা দেখায় ইন্দোনেশিয়ান জুটিকে৷
সিঙ্গাপুর ওপেনে টুর্নামেন্টের সিঙ্গলসে আগেই বিদায় নিয়েছিলেন ভারতের দুই তারকা শাটলার পিভি সিন্ধু ও লক্ষ্য সেন৷ শেষ আটেই থামে তাঁদের অভিযান৷ অন্যদিকে, মিক্সড ডাবলসের সেমি-ফাইনালে পরাস্ত হন ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্তো৷ তারই মধ্যে ডাবলসে খেতাব জয়ের স্বপ্ণ দেখাচ্ছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি৷ পুরুষদের ডাবলস সেমি-ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন তথা র্যাংকিংয়ের শীর্ষে থাকা কোরিয়ার কিম ওন হু ও সিও সিয়ুং জি জুটিকে ৫২ মিনিটে উড়িয়ে ফাইনালে পৌঁছান তাঁরা৷ অনেকের মতে ২১-১৯, ২১-১৮ পয়েন্টে জয়ই ফাইনালের আগে টনিকের কাজ করে৷ খেতাবি যুদ্ধে সাত্ত্বিকদের লড়াইয়ে মুগ্দ বিশেষজ্ঞরা৷ সবচেয়ে বড় কথা, এশিয়ান গেমসের আগে সিঙ্গাপুর ওপেন জয় ভারতীয় শাটলার জুটির আত্মবিশ্বাস বাড়াবে অনেকটাই৷