দুঃখের বেশে এসেছো জীবনে
ভেবেছো পারিনি চিনিতে,
‘দুঃখকে’ সুখে স্বাগত জানিয়ে
দ্বিধা করিনি তো বরিতে!
দুঃখের পাঁচালী সুখের আবরণে
হৃদয়ে সঙ্গোপনে,
নাইকো প্রয়াস দুঃখ নিবারণে
মনে রাখি সযতনে৷
হর্ষ-বিষাদ তব দুই রূপ
সমভাবে জানাই স্বাগত,
খুলে দিনু দোর আলোকিত ভোর
বিভাবরী হলো বিগত!
হৃদয় কুঞ্জে নিয়েছো যে ঠাঁই
সব আবিলতা সরিয়ে,
মরুদ্যানে ফুটিয়েছো ফুল
নিরস হৃদয় ভরিয়ে৷
ছিনু অচেতনে জড়-বন্ধনে
জাগতিক সুখ সন্ধানে,
নিত্য প্রয়াস বৃথা অভিলাষ
সময় অতিবাহিত ক্রন্দনে৷
চিরন্তন সুখ কারে যেন কয়
জাগালে সে’ বোধ তুমি দয়াময়,
অহেতুক কৃপায় শুভ চেতনায়
চিত্তে দিয়েছ দোলা,
তোমাকেই খুঁজি ভিতরে বাহিরে
জানি ঘিরে আছো মোরে চারিধারে
তবু কেন মন উতলা!
স্রোতস্বিনী আজও কলতানে ----
চলার পথে ভরায় গানে,
গতিধারা তার হলো পথ হারা
নীল জলধির টানে৷
তোমার পথে পথ হারাতে
মুক্ত জগৎ-বন্ধনে,
জীবনতরী যায় ভেসে যায়
সুধা সাগর সন্ধানে!
স্মিত হাসি দোলা দেয় দেহ-মন-প্রাণে
প্রেরণা যোগাও তুমি
রহিয়া গোপনে,
সমুখে চলার পথে
হাত রেখে হাতে,
মুক্তি মন্ত্রে আলোকজ্জ্বল
গহন তমিস্রাতে!
তুমি আপনা হইতে এসেছ যখন
বাহিরে যাওয়ার কিবা প্রয়োজন,
মম অন্তর তব আনন্দ নিকেতন
হোক এই আসন থেকে
রাজ্য শাসন!
- Log in to post comments