প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ শ্রীরামপুরে এক আলোচনায় বলেন শুধু শাসক পরিবর্তন করলেই হবে না, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে৷ তিনি বলেন শাসক আসে যায় কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না৷ তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে৷ শ্রীখাঁ বলেন, জনমতের রায়ে শাসক পরিবর্তন গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক ব্যাপার৷ কিন্তু যেখানে নির্বাচন কমিশনার নিয়োগের দায়ীত্ব আইন পরিবর্তন করে প্রধানমন্ত্রী নিজের হাতে নেন সেখানে নির্বাচনী ব্যবস্থায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ণ উঠতেই পারে৷ তবু পরিবর্তন যখন হয়েছে নতুন শাসক তখন আসবেন৷ কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন কি আসবে! রাজনৈতিক দলগুলো নির্বাচনে জেতার জন্যে যে বিপুল অর্থ ব্যয় করে সে টাকা যোগায় ধনকুবেররা৷ তাই শাসনে এসে নতুন শাসককে সবার আগে ধনকুবেরদের স্বার্থ দেখতে হবে৷ দেশের বর্তমান শাসক ধনকুবেরদের দ্বারাই পরিচালিত হন৷ গত বার বছরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির একটাও রাখতে পারেননি এবার সাঁজোয়া বাহিনী নিয়ে বাঙলা জয় করতে এসে তিনি যত প্রতিশ্রুতি দিয়েছেন তার কতটা রাখবেন সেটা সময় বলবে৷
শ্রী খাঁ প্রশ্ণ করেন এভাবে শাসক পরিবর্তন হলেই জনগণের কি লাভ৷ শুধু শাসক পরিবর্তন করলেই হবে না৷ জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে পুঁজিবাদ নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আনতে হবে৷ কেন্দ্রীয় অর্থনীতির খোলনলচে পাল্টে প্রগতিশীল সমাজতান্ত্রিক ব্যবস্থায় বিকেন্দ্রিত আর্থিক পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে৷ এ ব্যাপারে সুস্পষ্ট পথ নির্দেশনা দিয়েছেন মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর প্রবর্তিত সামাজিক অর্থনৈতিকতত্ত্ব প্রাউট৷ প্রাউটের পরিকল্পিত সামাজিক অর্থনৈতিক অঞ্চল ঘটন করে স্থানীয় সম্পদ স্থানীয় মানুষের হাতে তুলে দিতে হবে৷ তার জন্যে নতুন করে সামাজিক অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আনতে হবে৷ তবে পুঁজিপতিরা এ কাজ সহজে করতে দিবে না৷ তাই প্রাউটিষ্টদের সমস্ত নীতিবাদী মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে৷