তীব্র দাবানলে কাঁপছে ইউরোপ৷ আর সেই আগুনে প্রাণ হারালেন গ্রিসের ৩ জন দমকল কর্মী৷ গ্রিসের ক্রিট দ্বীপের ক্রিয়া ভ্রিওসি গ্রামের কাছে আগুন নেভাতে গিয়ে ২ জন দমকল কর্মী গাড়িতে আটকে পড়ে মারা যান৷ আরো এক দমকল কর্মী প্রাণ হারান পেলোপোনেস অঞ্চলের গাইথিওতে৷ ঘণ্টায় ৮০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া৷ তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে৷ তার মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে৷ ক্রিটে ১৫ কিমি জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে৷ প্রবল ঝোড়ো হাওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ ক্রিটের আজিয়া গালিনি সহ একাধিক গ্রাম থেকে পর্যটক ও স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে৷
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস শোক প্রকাশ করে বলেছেন, আমাদের চিন্তা এখন ফ্রন্টলাইনে লড়াই করা প্রতিটি উদ্ধারকর্মীকে নিয়ে৷ বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে এই ধরণের ভয়াবহ দাবানল এখন স্বাভাবিক হয়ে উঠছে৷শুধু গ্রিসেই নয়, দাবানলে জ্বলছে ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চল৷