অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২৯৯ রানে আউট হয়ে গিয়েছেন বাংলার সুদীপ ঘরামি৷ ত্রিশতরান থেকে এক রান দূরে থাকা অবস্থায় তিনি আউট হয়ে যান শেখ রশিদের বলে৷ বাংলার ব্যাটার ছুঁয়ে ফেলেছেন ডন ব্র্যাডম্যানের কীর্তি৷ পাশাপাশি, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আরও একটি নজির গড়েছেন তিনি৷
বিশ্ব ক্রিকেটে ২৯৯ রানে থেমে যাওয়ার সংখ্যা খুব বেশি নয়৷ সুদীপের আগে মাত্র চার জন ক্রিকেটার ২৯৯ রানে থেমেছেন৷ প্রথম কীর্তি ব্র্যাডম্যানের৷ ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে তিনি ২৯৯ রানে আউট হয়ে যান৷ এর পর ১৯৮৯ সালে নিউ জিল্যান্ডের মার্টিন ক্রো শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্টে ২৯৯ রানে আউট হন৷
শেষ বার এমন ঘটেছিল ২০০৬ সালে৷ কাউন্টি ম্যাচে গ্ল্যামারগনের মাইক পাওয়েল ২৯৯ রানে আউট হয়ে যান গ্লস্টারশায়ারের বিরুদ্ধে৷ তার পর সোমবার সুদীপ সেই তালিকায় নতুন সংযোজন৷ এর মাঝে ১৯৮৯-এ মহারাষ্ট্রের শান্তনু সুগবেকর ২৯৯ রানে অপরাজিত ছিলেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে৷ তিনি এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত থাকা ক্রিকেটার৷
আজ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতের কোনও ক্রিকেটার ২৯৯ রানে আউট হননি৷ সুদীপ সেই তালিকায় প্রথম৷ নিশ্চিত ত্রিশতরান অপেক্ষা করছিল তাঁর জন্য৷ কিন্তু এক রান আগেই থামতে হয়েছে৷ প্রথমে ব্যাট করে অন্ধ্রপ্রদেশের ২৯৫ রানের জবাবে বাংলা তুলেছে ৬২৯৷ সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে তারা৷ সুদীপের ৫৯৬ বলের ইনিংসে রয়েছে ৩১টি চার এবং ৬টি ছয়৷