আনন্দমার্গের ইতিহাসে শ্রাবণী পূর্ণিমা বিশেষ তাৎপর্য–বহন করে চলেছে৷ মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বলেছিলেন, এই শ্রাবণী পূর্ণিমা তিথিতেই সদাশিব তাঁর ধর্মোপদেশ দান শুরু করেছিলেন৷ এই কারণেই শিবভক্তদের মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়৷ মার্গগুরুদেব তাঁর আদর্শ তথা দর্শনের ‘আনন্দমার্গ’ নামকরণও এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে করেছিলেন৷
এছাড়া, এই শ্রাবণী পূর্ণিমা তিথির সঙ্গে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা জড়িয়ে রয়েছে৷
১৯৩৯ সালের শ্রাবণী পূর্ণিমা তিথি৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী তখন গুরুরূপে আত্মপ্রকাশ করেন নি৷ তাঁর লৌকিক নাম ছিল শ্রীপ্রভাতরঞ্জন সরকার৷ সেই সময় তাঁর বয়স ১৮ বছর৷ তখন তিনি বিহারের জামালপুরে স্কুলের পড়া শেষ করে কলকাতায় বিদ্যাসাগর কলেজে বিজ্ঞান বিভাগে আইএসসি পড়ছেন৷
এখানে বলে রাখি, শ্রীপ্রভাতরঞ্জনের জন্ম বিহারের জামালপুরে৷ কিন্তু পিতৃভূমি বর্ধমান জেলার শক্তিগড় ষ্টেশনের নিকটে বামুনপাড়া গ্রামে৷ শ্রীপ্রভাতরঞ্জনের পিতা শ্রীলক্ষ্মীনারায়ণ সরকার ও মাতা শ্রীমতী আভারাণী সরকার৷ জামালপুর তখন পূর্ব ভারতের সবচেয়ে বড় রেলের কারখানার জন্যে বিখ্যাত৷ এখানে রেলবিভাগে চাকুরী পেয়ে শ্রীলক্ষ্মীনারায়ণ সরকার জামালপুরে এসেছিলেন ও এখানে রামপুর রেলওয়ে কলোনীতে থাকতেন৷ এখানেই ১৯২১ সালের বৈশাখী পূর্ণিমাতে শ্রীপ্রভাতরঞ্জনের জন্ম৷ তারপর স্কুলের পড়াশুনাও জামালপুরে৷ জামালপুরে থাকাকালীন শ্রীপ্রভাতরঞ্জন পার্শ্ববর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় প্রতিদিনই সন্ধ্যায় যেতেন ও অনেকক্ষণ এখানে থাকতেন৷ এখানকার অনেক অদ্ভূত অলৌকিক ঘটনা শ্রীপ্রভাতরঞ্জনের বাল্যকালের ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে৷ এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে তিনি তাঁর বিরাট ঐশী শক্তির পরিচয় দিয়েছেন৷
সে যাই হোক, জামালপুরে হাইস্কুলের পড়া শেষ করে শ্রীপ্রভাতরঞ্জন এলেন কলকাতায়৷ কলকাতায় বাগবাজারে শ্রীপ্রভাতরঞ্জন সরকারের মামা শ্রীশরৎচন্দ্র বসু থাকতেন৷ সেখানেই শ্রীপ্রভাতরঞ্জন থাকতেন৷ আর এখানেও প্রতিদিন সন্ধ্যাবেলা একাকী নির্জন গঙ্গার তীরে বেড়াতেন৷
তখনকার কলকাতা এখনকার মহানগরী কলকাতার মত ছিল না৷ কলকাতার কয়েকটি বিশেষ জায়গাতেই কেবল লোকবসতি ছিল, সব জায়গায় নয়৷ গঙ্গার তীরটা বেশির ভাগই ছিল নির্জন ও ঝোপ–ঝাড় জঙ্গলে পরিপূর্ণ৷
সেদিন শ্রাবণী পূর্ণিমার দিন সন্ধ্যায়ও তিনি গঙ্গার তীরে বেড়াতে বেড়াতে কাশীমিত্র ঘাটের কাছে এক নির্জন বটবৃক্ষতলে উপবেশন করে গঙ্গার দিকে তাকিয়ে আছেন৷ সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে৷ আকাশের পূর্ণচন্দ্র ও মেঘের লুকোচুরি খেলা চলছে৷ এক মায়াবী পরিবেশ! এমন সময় এক ভয়ঙ্কর কুখ্যাত ডাকাত–কালীডাকাত নামেই যার পরিচিতি–ঘুরতে ঘুরতে ওই বটবৃক্ষতলের নিকটে এসে দেখতে পেল সৌম্যদর্শন এক বালক বসে রয়েছে৷ স্বভাবতই সে উন্মুক্ত ছোরা হাতে ওই বালকের পেছনে এসে দাঁড়াল৷ বালকটি পেছনে না তাকিয়েই বলল, সামনে এস৷ কালীডাকাত এই কথা শুনে বিস্মিত হল৷ তবু গর্জন করে বলে উঠল, তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও৷
প্রভাতরঞ্জন অবিচলিত ভাবে বল্লেন, আমি তো ছাত্র মাত্র, আমার কাছে তুমি কী মূল্যবান্ বস্তু পেতে পার তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বল্লেন, কালীচরণ তুমি এককালে পকেটমার ছিলে, তারপর চোর হলে, এখন তুমি ডাকাতি করছ৷ কেন তুমি তোমার জীবনকে এভাবে নষ্ট করছ তুমি কি মনে কর, এভাবে তোমার জীবন সার্থক হয়ে উঠবে
কালীচরণ বিস্ময়–বিহ্বল হয়ে গেল! এই অঞ্চলে তার নাম শুনলেই সকলে কাঁপতে থাকে আর এই ছোট্ট বালক, অভিভাবকের মত তার নাম ধরে এমনি ঘনিষ্ট ভাবে সম্বোধন করছে–বিস্ময়ের ঘোর কেটে কিছু বলার আগেই প্রভাতরঞ্জন আবার বললেন, কালীচরণ তুমি যে এই ঘৃণিত জীবন বেছে নিয়েছ, এসব কেন করছ
বিস্মিত বিমূঢ় কালীচরণ অকস্মাৎ যেন অন্য মানুষ হয়ে গেল৷ যন্ত্রচালিতের মত সে উত্তর দিল–বেঁচে থাকার জন্যে৷
প্রভাতরঞ্জন–অর্থই কি তোমার জীবনের লক্ষ্য এর জন্যে কি যে কোনো ধরণের পাপ কাজ করতে পার
কালীডাকাতের মুখে কোনো উত্তর নেই৷ প্রভাতরঞ্জন বললেন–তোমার জাগতিক প্রয়োজনের ব্যবস্থা হয়ে গেলে তুমি কী এসব ছেড়ে দেবে আমি তোমাকে এর থেকেও মূল্যবান জিনিস দিতে চাই৷
কালীডাকাত–আমি জানি, আমি যা করছি পাপ৷ এখন এটা আমার স্বভাবে পরিণত হয়েছে৷ আমি এ পথ এখন ছাড়তে চাইলেও পারব না৷ এর পর শ্রীপ্রভাতরঞ্জন তাঁকে আশ্বাস দিয়ে বললেন, পারবে৷ তুমি যদি আন্তরিকভাবে সচেষ্ট হও, তাহলে তুমি তোমার অভ্যাস বদলাতে পারবে৷ আর, আমি তোমাকে এব্যাপারে সাহায্য করতে পারি৷ আমি তোমার ভেতরের মহৎ গুণগুলিকে জাগিয়ে তুলতে সাহায্য করতে পারি৷ এইভাবে, প্রভাতরঞ্জনের সঙ্গে সেই নির্জন গঙ্গার তীরে অনেক কথা হয়৷ প্রভাতরঞ্জন তাকে মানব জীবনের উদ্দেশ্য, করণীয়, ধর্মসাধনার প্রয়োজনীয়তা–এসব সম্পর্কে অনেক কথা বললেন৷
কালীডাকাত বুঝল, এ বালক সাধারণ বালক নয়৷ এঁর কাছেই জীবনকে চরিতার্থ করার পথ সে পাবে৷
প্রভাতরঞ্জন বললেন, তুমি আমার কাছে যা পেতে এসেছিলে, তা থেকেও অনেক মূল্যবান জিনিস আমার কাছে আছে৷ আমি যদি দিতে চাই, তুমি কী নিতে রাজী
কালীচরণ রাজী হ’ল৷ সে তার উন্মার্গগামী জীবনের পরিবর্তন ঘটিয়ে আধ্যাত্মিক পথে চলবার জন্যে ব্যগ্র হয়ে উঠল৷ তারপর সে তার হাতের ছোরা গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল৷
প্রভাতরঞ্জন বললেন–আমি তোমায় দীক্ষা দেব৷ যাও, স্নান করে এস৷
কালীডাকাত এখন আর কালীডাকাত নেই, সে এখন এক মুমুক্ষু মানুষ৷ গঙ্গায় স্নান করে এসে সে প্রভাতরঞ্জনের কাছে দীক্ষা গ্রহণ করল৷
কালীডাকাতের জীবনে আমূল পরিবর্তন এল৷ সে পরিণত হ’ল সাধক কালীচরণে৷ কিছুদিন পরে আরও উন্নত তান্ত্রিক সাধনায় দীক্ষিত হয়ে সে হ’ল কালিকানন্দ অবধূত৷
এইভাবে শ্রীপ্রভাতরঞ্জন গুরুরূপে আত্মপ্রকাশ করলেন৷ ১৯৩৯ সালের শ্রাবণী পূর্ণিমার পুণ্য তিথিতে কলকাতার এই কাশীমিত্র ঘাটে একজন বিপথগামী ডাকাতকে আদর্শ মানুষ তথা সাধকে পরিণত করে যে আদর্শের বীজ তিনি বপন করলেন, সেই আদর্শই উত্তর কালে বিরাট মহীরুহে পরিণত হয়ে সারা বিশ্বে শাখা প্রশাখা বিস্তার করল৷ এর নামই আনন্দমার্গ৷
- Log in to post comments