ৰুদ্ধির মান অনুযায়ী জীবকে তিনটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে–পশু, মানব আর দেবতা । আমাদের মানব সমাজেও আমরা পাই মানবীয় আধারে পশু, মানবীয় আধারে মানব আর মানবীয় আধারে দেবতা ।
আমাদের সাধনা কী সাধনা হচ্ছে পশুত্বের স্তর থেকে মানবত্বের দিকে, আর মানবত্বের স্তর থেকে দেবত্বের স্তরের দিকে যাত্রা । আর শেষপর্যন্ত এই দেবত্বের স্তরে উন্নীত হয়ে মানুষের পরমপুরুষের সে৷ এক হয়ে যাওয়া । যে নির্দিষ্ট বিন্দুতে দেবত্ব পরমপুরুষের সে৷ একাত্মতা অর্জন করছে, সেই বিন্দুটিই হচ্ছে মানব জীবনের যাত্রাপথের অন্তিম বিন্দু । তাই এই জীবন হচ্ছে ক্রমশঃ এগিয়ে চলতে থাকার একটা যাত্রা । তাই জীবনে গতিময়তা থাকবেই । মানুষের জীবনে কখনো কোনো অবস্থাতেই তমোগুণী তত্ত্বকে সমর্থন করা বা প্রোৎসাহিত করা উচিত নয় । গতিই জীবনের নিয়ম ।
তোমরা জান প্রাচীনকালে রোহিত নামে এক বড় পণ্ডিত ছিল । সে সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিল । শাস্ত্র শব্দটির অর্থ কী ‘শস’–এর অর্থ ‘নিয়ন্ত্রণ করা’, শাসন করা আর ‘ত্র’ মানে ‘মুক্তিদাতা’ । যা তোমার সমস্ত কর্মকে নিয়ন্ত্রণ করে তোমাকে মুক্তির পথ দেখাচ্ছে–‘এটা কোরো না’, ‘এটা করো’, এইভাবে নিয়ন্ত্রণ করছে–তাই শাস্ত্র । শাস্ত্র স্বগত অভিভাবনের দ্বারা তোমাকে মুক্ত করছে । স্বগত অভিভাবনের অর্থ হচ্ছে মন্ত্র । ‘মননাৎ তারয়েৎ যস্তু সঃ মন্ত্রঃ পরিকীর্ত্তিতাঃ’ ।
যাই হোক্, সেই রোহিত সর্বশাস্ত্রে পণ্ডিত ছিল । গুরুগৃহ থেকে ফিরে আসবার পরে যখন তার লৌকিক পিতা তাকে ঘরের কাজকর্ম করতে বললেন তখন সে বলল, ‘‘আরে, আমি অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি, আর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কর্ম করার কোনো প্রয়োজনই নেই । আমাদের সর্বদা জ্ঞানচর্চায় নিয়োজিত থাকা উচিত’’ ।
তখন তার পিতা বললেন, ‘‘হে রোহিত, যে এগিয়ে চলেছে, যে জীবনে শরীর ও মনে গতিময়তা বজায় রেখেছে, সে ধন্য । পরিশ্রমী ও ঘর্মাক্ত শরীরের যে মানুষটি, সেই সবচেয়ে বেশী সুন্দর । সেই ঘর্মাক্ত শরীরের একটা ভুবনমোহিনী আকর্ষণ আছে, আর দেবতাদের রাজা ইন্দ্র স্বয়ং সেই পরিশ্রমী মানুষের সে৷ বন্ধুত্ব করতে এগিয়ে আসেন । তাই হে রোহিত, এগিয়ে চলো, আরও এগিয়ে চলো । জীবনে গতিশীলতাই প্রধান’’ ।
‘‘যদি কেউ কোনো কর্ম না করে, যদি কেউ কর্ম করার ব্যাপারে ভয় পায় তাহলে তার ভাগ্যও শুয়ে থাকে । যদি কেউ মানসিকভাবে আর শারীরিকভাবে ঘুমিয়ে আছে, তাহলে তার ভাগ্যও ঘুমিয়ে আছে । কিন্তু যদি কেউ কিছু কর্মে রত হয়, তাহলে তার ভাগ্যও এগিয়ে চলার দিকে অগ্রসর হয় । কেউ দাঁড়িয়ে আছে, তার ভাগ্যও দাঁড়িয়ে আছে । আবার কেউ এগিয়ে চলেছে, তার ভাগ্যও এগিয়ে চলেছে । তাই রোহিত, কিছু করো, কিছু করো ।’’
‘‘যখন তুমি অজ্ঞতায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে আছ, সেটা তোমার জীবনে কলিযুগ । যখন তুমি অনুভব কর যে তোমাকে কিছু করতে হবে তখন তোমার জীবনে সেটা দ্বাপর যুগ । আর যদি কেউ কাজ করার জন্যে প্রস্তুত হয়ে যায় সেটা তার জীবনে ত্রেতাযুগ আর কেউ যদি বাস্তবিকভাবে কাজ শুরু করে দেয়, সাধনা শুরু করে দেয়, সেটা তার জীবনে সত্যযুগ । তাই রোহিত, কর্ম করো, কর্ম করো । জীবন হচ্ছে অস্থিরতার অবস্থা থেকে ভারসাম্য ফিরিয়ে আনার নিরন্তর প্রয়াস । জীবন একটা সংগ্রাম । জীবন সর্বদা এগিয়ে চলেছে সামনের দিকে । এইজন্যে জীবন একটা গতিশীল শক্তি ।’’
তাই মানব জীবন হচ্ছে পশুত্বের স্তর থেকে মানবীয় স্তরে উন্নীত হওয়ার পানে গতিশীলতা, তেমনি মানবীয় স্তর থেকে দেবত্বের স্তরকে প্রাপ্ত হওয়া, আবার দেবত্বের স্তর থেকে পরমপুরুষের সে৷ একাত্ম হয়ে যাওয়াই মানব জীবন । এটাই তোমার সাধনা ।
কিন্তু তুমি জান, যদি তোমাকে দ্রুত এগিয়ে চলতে হয়, তোমার মনকে হালকা রাখতে হবে যদি মন ভারগ্রস্থ হয়ে থাকে তাহলে সেই মন এগিয়ে যেতে সক্ষম হবে না । মন কেন ভারাক্রান্ত হয় নানা প্রকারের আবর্জনা মনকে ভারগ্রস্ত করে । ভগবান ৰুদ্ধ বলেছেন,–
‘‘সিঞ্চ ভিক্ষু ইমং নাবং সিত্তা তে লহু মেস্যতি ।’’
***
‘‘মুঞ্চ পুরে মুঞ্চ পচ্ছেত মঝ্যে মুঞ্চ ভবস্য পারগু ।’’
‘‘তুমি তোমার মনকে ভারমুক্ত রাখ । এইজন্যে সব জাগতিক চিন্তা, নীচ চিন্তা, সব অধোগতিমূলক চিন্তা পরিত্যাগ কর, আর এইভাবে নিজের মনকে হালকা রাখ ।’’ মনকে হালকা রাখার অর্থ মনের আবর্জনা থেকে মুক্ত হওয়া । একটি চুম্বক কোনো লৌহখণ্ডকে সহজেই আকর্ষণ করে কিন্তু যদি সেই লৌহখণ্ড ময়লাযুক্ত হয়ে থাকে তাহলে সেই চুম্বক আর লোহাকে আকর্ষণ করতে সক্ষম নাও হতে পারে । তাই পরমপুরুষ সর্বদা তোমাকে আকর্ষণ করে চলেছেন । কিন্তু মনের আবর্জনা তোমার মনকে ভারগ্রস্ত করে রেখেছে, তাই তুমি সেই আকর্ষণ অনুভব করতে পারছ না ।
এখন প্রশ্ণ হ’ল মনকে কীভাবে ভারমুক্ত রাখব, হালকা রাখব, কীভাবে জাগতিক জীবনের বিভিন্ন ৰোঝা থেকে মনকে মুক্ত রাখব এর একমাত্র উপায় আর্ত মানবতার সেবায় নিজেকে ব্রতী করা, যে সেবায় কোন রকমের জাতি, ধর্ম বা লি৷গত ভেদ থাকবে না । তাই তোমরা সাধক, তোমাদের সর্বদা মনে রাখতে হবে যে তোমার জীবন–ধর্ম হচ্ছে জড় থেকে চরম সূক্ষ্মতার দিকে, চরম সূক্ষ্মতা থেকে আত্মার দিকে, আর আত্মা থেকে পরমাত্মার পানে এগিয়ে চলা । আর এই জীবন–ধর্ম পালনের সময় তোমাকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকতে হবে । এই কথাটা অবশ্যই ভুলে যাওয়া উচিত নয় । যদি তুমি জগতের প্রতি তোমার নিঃস্বার্থ সেবায় সার্থক হতে পার, তাহলে অবশ্যই তুমি তোমার আধ্যাত্মিক জীবনেও সফল হবে । শুভমস্তু ।